বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান, মাদক ও মানব পাচার রোধে গত এক বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন ব্যাটালিয়নগুলোর অভিযানে প্রায় ৯৪ কোটি ৫২ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই সাথে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে গত এক বছরে ৫৪৭ জনকে আটক করা হয়েছে।
বুধবার পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টরের ১৫টি ব্যাটালিয়ন ও একটি বর্ডার গার্ড হাসপাতাল ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। গত ১ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত সময়ে মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযানে এই বড় সাফল্য আসে।
অভিযানে জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫ হাজার ৬২ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ১১১ বোতল বিদেশি মদ, ৩০ হাজার ১৯০ পিস ইয়াবা, ৬৩ কেজি গাঁজা, ১ লাখ ২ হাজার ১৭৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ২ লাখ ৫০ হাজার ৯২৩ পিস মেটাডক্সিন ট্যাবলেট, ১ লাখ ৮০ হাজার ৩৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪১ হাজার ৭২৬ পিস নেশাজাতীয় ইনজেকশন।
এছাড়াও বিভিন্ন প্রসাধনী, ওষুধ, খাদ্যপণ্য, শাড়ি, লেহেঙ্গা, কম্বল, জিরা, চিনি, পেঁয়াজ ও মোবাইল ফোন জব্দ করা হয়। চোরাচালানে ব্যবহৃত ট্রাক, ইজিবাইক, মোটরসাইকেল, নৌকা ও বাইসাইকেলও আটক করা হয়েছে। গবাদিপশুর মধ্যে রয়েছে ২ হাজার ২৫৩টি গরু, ৫৩৩টি মহিষ ও ৩৪টি ছাগল। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ২৪ হাজার ৬০২ মার্কিন ডলার, ৩ লাখ ২৩ হাজার ৯৫৫ ভারতীয় রুপি এবং ৩ হাজার ইন্দোনেশিয়ান মুদ্রা।
বিশেষ অভিযানে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ৭টি ওয়ান শুটার গান, ২৫টি ম্যাগাজিন, ৭৫ রাউন্ড গুলি ও ৫ হাজার ৩৫০ রাউন্ড সিসা গুলি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মানব পাচার প্রতিরোধে সীমান্ত এলাকা থেকে ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ২ শিশুসহ মোট ১৩ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে বিজিবি। এই অপরাধে জড়িত থাকায় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, আর্থিক সহায়তা এবং শিক্ষা উপকরণ বিতরণের মতো জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছে বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় এবং দেশের জ্বালানি তেল পাচার প্রতিরোধে রংপুর রিজিয়নের সব ব্যাটালিয়ন সফলভাবে দায়িত্ব পালন করেছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সকল ধরনের অপরাধ দমন করতে সীমান্তে তৎপর রয়েছে বিজিবি। গত এক বছরে আমাদের ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার ফলে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ এবং অপরাধীদের আটক করা সম্ভব হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন