রাজশাহীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৪:২১ পিএম
রাজশাহীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি

রাজশাহীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, চাঁদাবাজি বন্ধ এবং সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর পৃথকভাবে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ খেলাফত মজলিস।

দুপুরে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ প্রায়ই ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এই সময় ইসলামী শরিয়া অনুযায়ী বিচার ব্যবস্থা কার্যকরের আহ্বান জানান বক্তারা।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, প্রকাশনা সম্পাদক নাজির আহমেদ সুপ্ত, দপ্তর সম্পাদক মো. জহির রায়হান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান মাসুমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এদিকে একই দাবিতে নগরীর জিরোপয়েন্টে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশে দলটির বক্তারা রামিসা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার কার্যকরের দাবি জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দ্রুত আইনি প্রক্রিয়ায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

জেএইচআর