লালমনিরহাটের কালীগঞ্জ থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব জানায়, র্যাব-১৩, রংপুর এবং র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। অভিযানে লালমনিরহাট জেলার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা ডারারপাড় এলাকার মো. আজিজুল ইসলামের ছেলে।
র্যাব আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে তাঁকে আটক করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত ফারুক হোসেনকে আদালতের মাধ্যমে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন