ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করলেন আইজিপি

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৯:৪৩ পিএম
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করলেন আইজিপি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা এলাকা পরিদর্শন করেছেন পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির।

শনিবার দুপুরে বগুড়া যাওয়ার পথে তিনি এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

এই সময় মহাসড়কে যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন আইজিপি।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম এবং কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের ঈদযাত্রাকে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে বিশেষ নজরদারি বাড়িয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করেছে।

জেএইচআর