রাজশাহীতে ২ মণ গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৭:৩৪ পিএম
রাজশাহীতে ২ মণ গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ মণ (৭৯ কেজি ৭৯০ গ্রাম) গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে র‍্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল এই অভিযান চালায়। আজ বুধবার সকালে র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় মো. শামীম নামের এক ব্যক্তির বাসায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় টের পেয়ে সটকে পড়ায় বাড়ির মালিক শামীম ও তাঁর ভাড়াটিয়া মো. কাশেমকে এই মামলায় পলাতক আসামি করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন উপায়ে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বেচাকেনা করে আসছিলেন। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেএইচআর