রাঙামাটির বরকল উপজেলায় ১৯৮৪ সালে সংঘটিত ভূষণছড়া গণহত্যার বিচার দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।
রোববার আছরের নামাজের পর রাঙামাটি শহরের কাঠালতলী জামে মসজিদে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে এ দাবি জানানো হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. তাজুল ইসলাম তাজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী শিকদার, ওলামা দলের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ইব্রাহিম, পিসিসিপির সহ-সভাপতি মো. বখতিয়ার উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজ।
বক্তারা বলেন, ১৯৮৪ সালের ৩১ মে পার্বত্য চট্টগ্রামের অন্যতম ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটে রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকা বরকলের ভূষণছড়ায়। ওই দিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত চলা হামলায় তৎকালীন সশস্ত্র সংগঠন শান্তিবাহিনীর হাতে চার শতাধিক বাঙালি নিহত হন। হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং ১ হাজার ৬০০-এর বেশি বাঙালি পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
তারা অভিযোগ করেন, এত বড় হত্যাকাণ্ডের তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং বিচারও হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কোনো ক্ষতিপূরণও দেওয়া হয়নি।
বক্তারা আরও বলেন, পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। খুন, গুম, অপহরণ ও চাঁদাবাজির ঘটনা নিয়মিত ঘটছে।
এ সময় তারা পার্বত্য এলাকায় পুনরায় সেনা ক্যাম্প স্থাপন, যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অতীত ও সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান।
শোকসভা শেষে ভূষণছড়া গণহত্যায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন