ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:০৯ পিএম
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের আলুপট্টি মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, গ্রাহকদের স্বার্থ ও আস্থাকে উপেক্ষা করে ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা নতুন চেয়ারম্যানকে অপসারণ করে ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, গ্রাহকদের আমানতের নিরাপত্তা, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাঁদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। একই সঙ্গে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণাও দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, মাওলানা নুরুজ্জামান, সালাহউদ্দিন আহমেদ, কামরুজ্জামান সোহেল ও ফরিদ উদ্দিন আখতার।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার জোর আহ্বান জানান।

জেএইচআর