মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের ছত্রকান্দি গ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আরভি (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। আহত আরভি ছত্রকান্দি গ্রামের লালটু খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো আরভি তার নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। বাড়ির সামনের পাকা সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক ঘটনাস্থলে না থেমে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে সে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামীণ সড়কগুলোতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তাঁরা গ্রামীণ সড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। একই সাথে দুর্ঘটনার পর চালকের পালিয়ে যাওয়াকে চরম দায়িত্বহীনতা উল্লেখ করে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মাগুরা সদর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন