ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের নিবাসী ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. বদরুজ্জামান বাবুর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং মধুখালী ডায়াবেটিক সমিতির আজীবন দাতা সদস্য আ. গফুর মণ্ডল (৮৬)-কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ফরিদপুর জেলা ও মধুখালী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
এক মিনিট নীরবতা পালনের পর একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে আড়পাড়া কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পড়ান উত্তর আড়পাড়া জামে মসজিদের পেশ ইমাম গোলাম আজম। জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. খুরশিদ আলম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মতিউল ইসলাম মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস সালাম মণ্ডল, ফরিদপুর জেলা পুলিশের এসআই আব্দুস সামাদ, এএসআই নাজমুল হোসেন, মধুখালী থানা এসআই মোক্তার হোসেন, আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম মণ্ডল, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এস কে আবুল হাশেম, বালিয়াকান্দি সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. এহতেশাম হায়দার প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা আ. গফুর মণ্ডল বুধবার বেলা প্রায় ১টায় ঢাকায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন