বিজিবির প্রতিরোধে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০২:৪৬ পিএম
বিজিবির প্রতিরোধে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১১ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির প্রতিরোধে বিএসএফের এই পুশইন চেষ্টা ব্যর্থ হয়। 

শুক্রবার রাত সাড়ে ৩টায় পুশইনের এ চেষ্টা চালানো হয়। এ সময় বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করে বিজিবি। 

১১ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। 

এ ব্যাপারে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, অবৈধ পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে আমি ব্যক্তিগতভাবে জনসচেতনতামূলক সভায় অংশগ্রহণ করেছি। কোম্পানি ও বিওপি কমান্ডারগণও নিয়মিতভাবে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

তিনি সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পুশইন, অবৈধ অনুপ্রবেশ কিংবা যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া মাত্রই বিজিবিকে অবহিত করতে হবে। সীমান্ত সুরক্ষায় জনগণ ও বিজিবির সমন্বিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে বাহিনী সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

এএন