মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন। সোমবার দুপুরে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেন। নবাগত উপাচার্যকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন।
যোগদান করেই তিনি সদ্য সাবেক উপাচার্য এবং কর্মকর্তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের অগ্রগতির খোঁজখবর নেন। পরে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সদ্য সাবেক উপাচার্য যেখান থেকে তাঁর কাজ শেষ করেছেন, আমি সেখান থেকেই কাজ শুরু করব। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চালু করার বিষয়ে মেহেরপুরের সকল মানুষের সহযোগিতা পেলে আমি আমার সর্বোচ্চ মেধা, শ্রম ও জ্ঞানের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়টিতে আগামী শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি, জায়গা নির্বাচনসহ সকল প্রকার কার্যক্রম চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব।
উল্লেখ্য, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ড. মো. তোজাম্মেল হোসেনকে নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ শাখার ৩৭.০০.০০০০.০৭৯.১১.৩০১.২৩-২৭১ নম্বর স্মারকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
ড. মো. তোজাম্মেল হোসেন এ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. ইয়াকুব হোসেন।
নবাগত উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়েজ মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ শাহি উদ্দীন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এস এম রফিকুল আলম বকুল এবং মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহানউদ্দীন মনা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন