লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিয়াকত আলী লাদেন (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার রাতে আদিতমারী উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুলের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছোট ছেলে রাব্বি মোবাইল ফোন নিয়ে বিতর্কের জেরে লিয়াকত আলী লাদেনকে গাঁজাখোর বলে গালি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লাদেন রাব্বিকে চড়-থাপ্পড় দেয়। কিছু সময় পর লিয়াকত আলী লাদেন পাশের সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একা বসে থাকার সুযোগে রাব্বির বড় ভাই রকি পেছন দিক দিয়ে লাদেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে জানা যায়। পরে স্থানীয়রা লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ইমরুল হাসান বলেন, রাত নয়টার দিকে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত অবস্থায় লাদেনকে জরুরি বিভাগে আনা হয়। পরে জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে রোগী নিস্তেজ হয়ে পড়ে। পরে ইসিজি করে নিশ্চিত হই যে রোগী আর বেঁচে নেই।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন