সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ের প্রবাসী ফল ব্যবসায়ী মো. কামাল উদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে। কর্মস্থলে ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়।
রোববার স্থানীয় সময় বিকেলে সৌদি আরবের হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে। পরে বাংলাদেশ সময় রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পান।
নিহত কামাল উদ্দিন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম অলিনগর এলাকার কাশেম মাস্টার বাড়ির জালাল উদ্দিনের ছেলে।
করেরহাট ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লায়লা বেগম প্রবাসী কামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ মাস আগে ছুটি শেষে তিনি আবার সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান। হাইল শহরে তার একটি ফলের ব্যবসা ছিল। ঘটনার দিন বাসা থেকে দোকানে যাওয়ার পথে একটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামালের ভাই মো. রিয়াজ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা করতেন তার ভাই। হঠাৎ এমন দুর্ঘটনায় পুরো পরিবার শোকাহত। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।
এদিকে, নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে পরিবার জানিয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন