এমপির অর্থায়নে মাগুরা সদর হাসপাতালে ৫টি আইপিএস প্রদান

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৪:৪৬ পিএম
এমপির অর্থায়নে মাগুরা সদর হাসপাতালে ৫টি আইপিএস প্রদান

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যক্তিগত অর্থায়নে পাঁচটি আইপিএস প্রদান করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। হাসপাতালের গুরুত্বপূর্ণ কয়েকটি ওয়ার্ডে এসব আইপিএস স্থাপনের ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময় রোগীসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আইপিএস হস্তান্তর উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ জানান, নতুন পাঁচটি আইপিএস হাসপাতালের গাইনি ওয়ার্ড, শিশু ওয়ার্ড, পুরুষ মেডিসিন ওয়ার্ড, মহিলা মেডিসিন ওয়ার্ড এবং আইসোলেশন/এইচএম ওয়ার্ডে ব্যবহার করা হবে। তিনি বলেন, “হঠাৎ বিদ্যুৎ চলে গেলে রোগীদের চিকিৎসা ও সেবাদানে সাময়িক বিঘ্ন ঘটে। নতুন আইপিএসগুলো চালু হলে এসব ওয়ার্ডে জরুরি সেবা আরও নিরবচ্ছিন্নভাবে দেওয়া সম্ভব হবে।”

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহাসিন উদ্দিন ফকির বলেন, “মাননীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালের জন্য পাঁচটি আইপিএস ক্রয় করে দিয়েছেন। এটি রোগীদের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যুৎ সমস্যার সময় বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও গুরুতর রোগীদের চিকিৎসা কার্যক্রম সচল রাখতে এসব আইপিএস সহায়ক হবে।” তিনি আরও বলেন, “হাসপাতালে ডাবল ফেজ বিদ্যুৎ সংযোগের প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে লিফটের সমস্যাও রয়েছে। এছাড়া আইসিইউ ও সিসিইউ চালুর জন্য প্রয়োজনীয় জনবল সংকট, দর্শনার্থী নিয়ন্ত্রণ এবং চিকিৎসক সংকটের বিষয়গুলো সমাধান করা গেলে মাগুরার স্বাস্থ্যসেবা আরও অনেক উন্নত হবে।”

হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বজন জানান, “লোডশেডিং হলে রোগীদের অনেক কষ্ট হয়। বিশেষ করে রাতের বেলায় সমস্যাটা বেশি দেখা দেয়। আইপিএস দেওয়ার ফলে রোগীরা উপকৃত হবে বলে আমরা আশা করছি।”

একজন দায়িত্বপ্রাপ্ত নার্স বলেন, “জরুরি চিকিৎসা কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন আইপিএসগুলো আমাদের কাজের পরিবেশকে আরও সহজ করবে এবং রোগীদের সেবা দিতে সুবিধা হবে।”

মাগুরা পৌর বিএনপির সভাপতি কিজিল খান বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ। হাসপাতালের রোগীরা যাতে ভালো সেবা পায়, সে লক্ষ্য থেকেই সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা দিয়েছেন। আমরা আশা করি ভবিষ্যতেও স্বাস্থ্য খাতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”

এ বিষয়ে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “মাগুরার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা আমার দায়িত্ব ও অঙ্গীকারের অংশ। হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা জেনে তাৎক্ষণিকভাবে রোগীদের স্বার্থে পাঁচটি আইপিএস প্রদান করেছি। হাসপাতালের অবকাঠামোগত ও অন্যান্য সমস্যাগুলো সমাধানের জন্যও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা চলছে। মাগুরার মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি কিজিল খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, জাহাঙ্গীর খান, অপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে, এই উদ্যোগ রোগীদের সেবার মান বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যখাতে জনসম্পৃক্ততার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

এএন