তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ধরা, মাসে ৫০ লাখ ক্ষতির অভিযোগ

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:৪৪ পিএম
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ধরা, মাসে ৫০ লাখ ক্ষতির অভিযোগ

গাজীপুরে একটি ডাইং কারখানায় বৈধ সংযোগের আড়ালে গোপন বাইপাস লাইনের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের পরিচালিত অভিযানে এ ঘটনা ধরা পড়ে। অভিযানে কারখানাটির বৈধ সংযোগের পাশাপাশি গোপন বাইপাস লাইনের মাধ্যমে অতিরিক্ত গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহীদুর রহমান জানান, সুলতানা ইয়ার্ন ডাইং তিতাসের বৈধ গ্রাহক হলেও দীর্ঘদিন ধরে অনুমোদনবহির্ভূত সংযোগের মাধ্যমে অতিরিক্ত গ্যাস ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।

তিতাস সূত্রে জানা গেছে, কারখানাটি প্রায় পাঁচ বছর ধরে এক ইঞ্চি ব্যাসের পাইপের মাধ্যমে মিটারবহির্ভূত সংযোগ ব্যবহার করে গ্যাস সরবরাহ নিয়ে আসছিল। এতে প্রতি মাসে প্রায় ৫০ লাখ টাকার বেশি রাজস্ব ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। গত কয়েক বছরে এই ক্ষতির পরিমাণ কোটি টাকায় পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

অভিযানের পর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কারখানায় কিলিং ক্যাপিং করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিতাস কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ ঘটনায় শিল্পাঞ্চলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, অবৈধ গ্যাস ব্যবহার ও রাজস্ব ফাঁকি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের অনিয়ম কমে আসবে।

অভিযানে তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এম জি