ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা এবং ব্যাংকের স্বচ্ছতা ও স্বাধীনতা বজায় রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর আলুপট্টি মোড়ে ইসলামী ব্যাংকের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আমানতের প্রতিষ্ঠান। সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা রেখেই সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এ ব্যাংকের সঙ্গে লেনদেন করে আসছেন। তাই ব্যাংকের কার্যক্রমে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
বক্তারা অভিযোগ করেন, ব্যাংকের স্বকীয়তা ও স্বাধীনতা ক্ষুণ্ন করতে বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা এসব সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
এ সময় আন্দোলনরত গ্রাহক ও সমর্থকদের প্রতি দমনমূলক আচরণের অভিযোগ তুলে বক্তারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খায়রুল ইসলাম, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের প্রধান আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল, মাওলানা মো. মোস্তাফা আল মারুফ, আরিফ বিল্লাহ ও আবু আব্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, স্বাধীনতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন