যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদা গ্রামে প্রতিপক্ষের হামলায় জুয়েল রানা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা মুক্তদা গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।
নিহতের স্ত্রী মায়া খাতুন অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। হামলাকারীরা তার দুই পায়ে গুরুতর আঘাত করে এবং মাথায় আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে বেলা ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী মায়া খাতুন বলেন, কী কারণে আমার স্বামীকে হত্যা করা হয়েছে, তা আমি জানি না। হামলাকারীরা তাকে এমনভাবে মারধর করেছে যে তিনি আর বাঁচতে পারেননি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন