বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০২:১২ পিএম
বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

শুক্রবার সকালে বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধন, পরিদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সরকারি এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের (এসইডিপি) যৌথ আয়োজনে সারাদেশের ন্যায় বোদাতেও তরুণ শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নতুন উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্বে) আব্দুল্লাহ বিন জিয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা ধনেশ্বর চন্দ্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন এবং বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলাম। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি চমৎকার সব বিজ্ঞান প্রজেক্ট, স্টার্টআপ পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির উদ্ভাবনী আইডিয়া অতিথিদের সামনে তুলে ধরে। অতিথিরা শিক্ষার্থীদের প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং তাঁদের সমাজোপযোগী ও পরিবেশবান্ধব উদ্ভাবন দেখে ভূয়সী প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ বিন জিয়া বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের এই খুদে উদ্ভাবনগুলোই আগামী দিনে দেশের বড় বড় সমস্যার প্রযুক্তিগত সমাধান এনে দেবে।

প্রদর্শনী শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও সেরা উদ্ভাবনী ধারণার অধিকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেএইচআর