নরসিংদীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাব-১১ সিপিএসসি ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় হিরো মোটরসাইকেল শোরুমের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে নরসিংদী সদর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পুলিশ লাইন্স সংলগ্ন বেলদীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
মামলার বাদী র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কনস্টেবল মো. মিজানুর রহমানের দায়েরকৃত মামলার বিবরণ থেকে জানা গেছে, ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে র্যাবের একটি দল বেলদীর মোড়ের মদিনা মটরস হিরো শোরুমের সামনে অবস্থান করছিল। এ সময় শোরুমের কর্মচারী আলাল ও আশিক নামের দুই ব্যক্তি র্যাব সদস্যদের ওপর চড়াও হন এবং কিলঘুষি মারতে থাকেন।
পরে শোরুমের মালিক মো. মাজেদুল ইসলাম লোহার পাইপ দিয়ে কনস্টেবল মিজানুর রহমানের বাম পায়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। মিজানুর রহমান মাটিতে পড়ে গেলে আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন। পরে অন্যান্য র্যাব সদস্যরা এগিয়ে এসে আহত কনস্টেবলকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকে শোরুম মালিক মাজেদুল ইসলাম, কর্মচারী আলাল ও আশিককে গ্রেপ্তার করেন।
এই ঘটনায় কনস্টেবল মিজানুর রহমান বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন