মাদক ও চুরির বিরুদ্ধে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৪:৫৩ পিএম
মাদক ও চুরির বিরুদ্ধে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন

পিরোজপুরে মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে এবং একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ব্যাপক গণ-মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুর সদর উপজেলার ৪নং কলাখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। 

সোমবার পিরোজপুর পৌরসভার সামনে ‘একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে প্রভাতের’ স্লোগানকে সামনে রেখে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা। তিনি বলেন, এলাকায় মাদকের আগ্রাসন এখন অত্যন্ত দৃশ্যমান রূপ নিয়েছে। এর সাথে পাল্লা দিয়ে প্রতিটি এলাকায় ছোটখাটো চুরি, বৈদ্যুতিক মিটার ও টিউবওয়েল চুরি, এমনকি মানুষের হাঁস-মুরগি ও গবাদিপশু চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। মাদকসেবীরা তাদের মাদকের টাকা জোগাড় করতেই মূলত এই সমস্ত ছিঁচকে চুরির সাথে জড়িয়ে পড়ছে, যা সামাজিক শান্তি ও শৃঙ্খলা সম্পূর্ণ বিনষ্ট করছে।

শেখ রিয়াজউদ্দিন রানা আরও উল্লেখ করেন, একটি রাজনৈতিক দলের পক্ষে এককভাবে এই সামাজিক অবক্ষয় ও সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য দলমত নির্বিশেষে সাধারণ জনগণকে সচেতন ও সজাগ হতে হবে। প্রতিটি এলাকায় গণসচেতনতা তৈরি করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললে এই ছিঁচকে চোর ও মাদক কারবারিদের সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। মাদক, চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ নির্মূল করতে সাধারণ মানুষের পাশে রাজনৈতিক নেতৃত্ব সর্বদা ছিল এবং আগামীতেও থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

মানববন্ধনে ৪নং কলাখালী ইউনিয়নের বাসিন্দা হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মো. মুজিবুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. সেলিম শেখ, মোহাম্মদুল্লাহ, মো. আক্তার হোসেন এবং আবুল কালাম ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় মাদকের ভয়াবহতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরে অবিলম্বে প্রশাসনের সুদৃষ্টি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। ব্যানারে ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’ এবং ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে’ এর মতো সচেতনতামূলক বার্তা প্রদর্শন করা হয়। মানববন্ধনে কলাখালী ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ জনগণ, যুবক, সুশীল সমাজের প্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

জেএইচআর