মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১১:৩৭ এএম
মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী কোনো শিশুই যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মাদারীপুর পৌরসভার প্রশাসক মোছা. জেসমিন আক্তার বানুর (উপ-সচিব) সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস।

সভায় বক্তারা বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অন্ধত্ব দূরীকরণে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। পৌর এলাকার প্রতিটি শিশুকে এই সেবার আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

এই অবহিতকরণ সভায় মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, যুব রেড ক্রিসেন্টের সদস্য এবং পরিবেশবাদী সংগঠন 'বিডি ক্লিন'-এর সদস্যরা অংশ নেন। উপস্থিত সকলেই ক্যাম্পেইনটি শতভাগ সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জেএইচআর