একটি নিষিদ্ধ দলের তৎপরতা এখনো চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনআকাঙ্ক্ষা ও জনগণের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়ে কার্যক্রম পরিচালনা করায় একটি রাজনৈতিক দল আজ জনগণের কাছে পরিত্যক্ত, বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ মানে নিষিদ্ধই। জনগণ চেয়েছে বলেই দলটি নিষিদ্ধ হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং দেশ ছাড়তে বাধ্য করেছে। রাজনৈতিক দলের বৈধতা জনগণই দেয়। এখন জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে, আইনও নিষিদ্ধ করেছে। তাই নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।
সৌরবিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার আওতাধীন অব্যবহৃত জমি চিহ্নিত করা হচ্ছে। জমির পরিমাণ অনুযায়ী সেগুলোকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। বিশেষ করে তিন একরের বেশি আয়তনের জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, তিন একরের বেশি জায়গায় প্রায় এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এসব জমিতে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয়ভাবে ব্যবহার করা হবে এবং জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে।
এ সময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন