মাগুরায় নিষিদ্ধঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৬:১৬ পিএম
মাগুরায় নিষিদ্ধঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় পৃথক দুটি স্থানে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-ঝিনাইদহ ও ঢাকা-মাগুরা মহাসড়কে এ মিছিলের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, দুপুর ১টা ও ১টা ৩০ মিনিটের দিকে মহাসড়কের দুটি স্থানে হঠাৎ করে একদল ব্যক্তি মিছিল বের করেন। মিছিলগুলোতে আওয়ামী লীগের পক্ষে এবং দলটির শীর্ষ নেতৃত্বকে সমর্থন করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ভাইরাল ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শিখর ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া বিভিন্ন মামলার রায় বাতিলের দাবিও জানানো হয়।

স্থানীয় সূত্রের দাবি, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে মিছিল দুটি অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি বলেও জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

এ বিষয়ে মাগুরা জেলা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৭ বছর’ শিরোনামে বিভিন্ন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এরই মধ্যে মাগুরার এ ঝটিকা মিছিলের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এএন