রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন নিয়ে প্রস্তুতি সভা

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৬:২০ পিএম
রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন নিয়ে প্রস্তুতি সভা

আগামী ২৮ জুন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নাগরিক সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিশুর মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ খাওয়ানোর সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগরীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্নে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

ওরিয়েন্টেশন সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের সার্বিক তথ্য উপস্থাপন করেন। সভায় জানানো হয়, ২৮ জুন রাসিকের ব্যবস্থাপনায় ৩০টি ওয়ার্ডে ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন ওয়ার্ড কার্যালয়ে রাত ৮টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে। ৬–১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন এবং ১২–৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুসহ সর্বমোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬–১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২–৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ২ জন করে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান, রামেক হাসপাতাল শিশু বিভাগের প্রধান প্রফেসর ডাঃ শাহিদা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক কস্তুরী আমিনা কুইন এবং ডেপুটি সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম।

রাসিকের ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার আরিফুল হকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. হাসিনা মমতাজ, রাসিকের সচিব মো. সোহেল রানা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক নুর আকতার জান্নাতুল ফেরদৌস, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ, বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-পরিচালক শিউলী রানী বসু, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, সিটি হাসপাতালের ডাঃ তারিকুল ইসলাম বনি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ রাসিকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এএন