রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুন্নাফ

মো. সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ) প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৩:৪০ পিএম
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুন্নাফ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুন্নাফ (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত কারণে ও দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকার পর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মৃত আব্দুল জব্বার মুন্সীর সুযোগ্য সন্তান।

আজ বুধবার (২৪ জুন) সকাল ১১টায় বাইলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বে ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম এবং ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস পুলিশ দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে এবং রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করে।

রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন শেষে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুন্নাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।

এএন