মাটিরাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আমন বীজ ও সার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৫:০৪ পিএম
মাটিরাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আমন বীজ ও সার বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সরকারি প্রণোদনার বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নারায়ণ ত্রিপুরা এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিপ-২ মৌসুমে উপজেলার ১ হাজার ১০০ জন তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই প্রণোদনা প্রদান করা হচ্ছে। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে বিনামূল্যে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি (ডায়ামোনিয়াম ফসফেট) এবং ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) সার দেওয়া হয়েছে। বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার পেয়ে স্থানীয় কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছেন। সঠিক সময়ে এই সরকারি সহায়তা পাওয়ায় আমন চাষে খরচ অনেকটাই কমে যাবে বলে জানান তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে সরকার প্রতিনিয়ত এই ধরনের বিশেষ কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে। সরকার প্রদত্ত এই উন্নত জাতের উফশী বীজ ও সার যেন কোনোভাবেই অপচয় না হয়। সঠিক সময়ে এবং সঠিক নিয়মে সুষম সার ব্যবহার করে মাটিরাঙ্গায় আমন ধানের উৎপাদন বাড়াতে হবে। কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শ মেনে চাষাবাদ করলে কৃষকেরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য ভাণ্ডারও সমৃদ্ধ হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ বলেন, প্রান্তিক কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই উদ্যোগ অগ্রণী ভূমিকা রাখবে। বীজ রোপণ ও মাঠপর্যায়ের যেকোনো সমস্যায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের সার্বক্ষণিক পরামর্শ নেওয়ার জন্য তিনি কৃষকদের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগী প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

জেএইচআর