খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রাকিব (১০) নামের চতুর্থ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরের দিকে উপজেলার বর্ণাল ইউনিয়নের থৈলাপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব স্থানীয় কৃষক আব্দুর রহিমের ছেলে এবং রামশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে রাকিব বাড়ির পাশে গাছের নিচে স্কুলব্যাগ রেখে জাম পাড়তে গাছে ওঠে। জাম পাড়ার একপর্যায়ে গাছে থাকা লাল পিঁপড়ার কামড়ে অতিষ্ঠ হয়ে সে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে এবং গাছ থেকে পাশের বাঁশের বেড়ার ওপর পড়ে যায়। এ সময় বাঁশের বেড়া বুকের এক পাশ দিয়ে ঢুকে পিঠের দিক দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত রাকিব ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
এদিকে স্কুল শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে থৈলাপাড়া এলাকা এবং তার শিক্ষাপ্রতিষ্ঠানে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, গাছ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, তবে পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন