টিকা সংকটের কারণে প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আগামী ২৮ জুন ঝালকাঠি জেলায় ৮২ হাজার ৫০১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক অবহিতকরণ সভায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এই তথ্য জানান।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তাপস কুমার শীল। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান সভায় মূল ধারণাপত্র উপস্থাপন করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার চারটি উপজেলার সব ইউনিয়ন এবং দুটি পৌরসভার সব ওয়ার্ডে একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এর আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১১ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪৯০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে ক্যাম্পেইনে অংশগ্রহণ করানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সভায় আরও বক্তব্য দেন- জেলা তথ্য অফিসার লেলিন বালা ও জেলা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী বছরে দুইবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ক্যাপসুল সংকটের কারণে গত বছরের মার্চ মাসের পর থেকে এ কর্মসূচি বন্ধ ছিল। দীর্ঘ প্রায় ১৪ মাস পর আবারও সারা দেশে একযোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন