ভালোবাসার টানে চীন থেকে রাঙ্গামাটিতে ছুটে এলেন যুবক

মো. সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০১:৫৯ পিএম
ভালোবাসার টানে চীন থেকে রাঙ্গামাটিতে ছুটে এলেন যুবক

ভালোবাসার টানে চীন থেকে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ছুটে এসেছেন চীনা নাগরিক Xla (৩২)। উদ্দেশ্য, প্রিয়তমা খইসিংপ্রু মারমাকে (৩০) বিয়ে করে নতুন জীবন শুরু করা।

বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়ার মংমিঅং মারমার মেয়ে খইসিংপ্রুর প্রেমের টানে ছুটে আসেন Xla। তিনি চীনের একটি প্রদেশের নাগরিক।

এদিকে চীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। বিদেশি নাগরিককে এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ খইসিংপ্রু মারমার বাড়িতে ভিড় করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ‘ওয়ার্ল্ড টক’-এর মাধ্যমে উভয়ের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। দীর্ঘ ৩ বছর আগে তাদের বিবাহ হয়। বিবাহের পর খইসিংপ্রু চীনে চলে যান। তারা বর্তমানে চীনে বসবাস করেন। তাদের সংসারে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিবাহের পর এটাই প্রথমবার তারা দুর্গম পার্বত্য রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার নিজ বাড়িতে বেড়াতে এসেছেন।

Xla বলেন, ‘আমি খইসিংপ্রুকে ভালোবাসি। তাকে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করে আসছি। বাংলাদেশে এসে তার পরিবারের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি।’

মারমা যুবতী খইসিংপ্রু বলেন, ‘অনলাইনে পরিচয়ের পর ধীরে ধীরে আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে থাকব। আমি কখনো কল্পনা করিনি, ও এ দেশে আসবে। আমি চাই তাকে নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে।’

পরিবারের সদস্যরা জানান, আমাদের মেয়ের পছন্দে চীনা যুবককে বিয়ে করেছে। আমাদের কোনো আপত্তি নেই। তারা সুখে থাকলে আমরাও সুখী।

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন বলেন, ‘চীনা নাগরিক তার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি তার পাসপোর্ট প্রদর্শন করেছেন। বর্তমানে ওই চীনা যুবক তার স্ত্রীর বাড়িতেই অবস্থান করছেন।’

এম জি