নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র্যালি, মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়।
প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম দিবসটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি নিয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বর্তমান মাদকের ভয়াবহতার চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক, স্কাউট, বিএনসিসি সদস্য, কোমলমতি শিক্ষার্থীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা ও ব্যাধি। সামাজিক আন্দোলনের মাধ্যমেই একে নির্মূল করা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন