পানিসম্পদ প্রতিমন্ত্রী

বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রেখেছে

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:২৫ পিএম
বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রেখেছে

বর্তমান তারেক রহমানের সরকার গঠন করার পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রেখেছে। শুধু মাদক নির্মূল নয়, আমাদের যুবসমাজকে সামাজিকভাবে সেখান থেকে দূরে রাখতে হবে এবং সমাজকে মাদকমুক্ত করতে হবে।

তিনি শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনের মাধ্যমে গ্রেপ্তার করে জেলে দিলেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এজন্য আমাদের সামাজিকভাবে যুবসমাজকে খেলাধুলার মাঠে নিয়ে যেতে হবে, মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে হবে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এভাবেই তারেক রহমানের সরকার কাজ করে যাচ্ছে।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সবশেষে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এম জি