ভারতে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি ঘাটে তল্লাশিকালে এসব সার জব্দ করা হয়। এ সময় ৩৬ বস্তা ইউরিয়া, ৮ বস্তা টিএসপি এবং ২৭ বস্তা জৈব সার জব্দ করা হয়। ১২ বিজিবির হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার হতে পারে- এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই বিজিবি সতর্ক অবস্থানে ছিল। নদীপথে টহল জোরদার করা হয় এবং চলাচলকারী প্রতিটি নৌকায় তল্লাশি চালানো হয়। অভিযানে মোট ৩ হাজার ৫৫০ কেজি বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়।
১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান রোধে নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, এর আগে চলতি মাসে ১০ বস্তা ইউরিয়া সার এবং ২০ বস্তা রসুন জব্দ করা হয়েছিল।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন