মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রামীম হোসেন (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে মাদ্রাসার পাশের পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রামীম গাংনী পৌর এলাকার র্যাব ক্যাম্পপাড়ার সিঙ্গাপুর প্রবাসী রুহুল আমিনের ছেলে। সে স্থানীয় তালিমুল কুরআন ইসলামিয়া একাডেমির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে প্রাইভেট পড়ার নির্ধারিত সময়ের আগেই রামীম বন্ধুদের সঙ্গে পড়ার স্থানে যায়। পরে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত মাদ্রাসার পাশের পুকুরে পড়ে তলিয়ে যায় সে। তার বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে রামীমকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন্নাহার খানম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন