খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে দিনব্যাপী বর্ণাঢ্য পরিবেশ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সোমবার দুপুরের দিকে বিদ্যালয় মিলনায়তনে জলবায়ু পরিবর্তন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা, দেয়ালিকা প্রদর্শনী, বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত সংকট। ভবিষ্যৎ প্রজন্মকে এই সংকট সম্পর্কে সচেতন করতে এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে বিতর্ক প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রদর্শনীর মতো আয়োজন দারুণ কার্যকর। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি পরিবেশ রক্ষায় বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্ক চর্চার বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের মতো একটি বৈশ্বিক ও গুরুত্বপূর্ণ বিষয়কে ধারণ করে আমাদের শিক্ষার্থীরা যে প্রতিভা দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।
আলোচনা সভার আগে পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উম্মে তাহমিনা মিতু। এরপর অতিথিরা শিক্ষার্থীদের তৈরি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বিষয়ক আকর্ষণীয় দেয়ালিকা প্রদর্শনী ঘুরে দেখেন। একই সঙ্গে জলবায়ু সংকটের সমাধান নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও যুক্তি-তর্কপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে দেয়ালিকা প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল এবং সেরা বক্তাদের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন