পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৮ কোটি ২৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় ভাঙ্গুড়া পৌরসভার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেটে পৌরসভার রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৪ লাখ টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। ফলে মোট সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ১৮ কোটি ২৪ লাখ টাকা।
অন্যদিকে, রাজস্ব খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। এতে মোট সম্ভাব্য ব্যয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা। প্রস্তাবিত এই বাজেটে ৩৫ লাখ ৮৫ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পৌর এলাকার পরিচ্ছন্নতা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক স্ট্রিট লাইট স্থাপন এবং জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এ বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জনবান্ধব ও বাস্তবমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, পৌরবাসীর সহযোগিতা ও মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে এলজিইডির প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেকেন্দার আলী, পৌরসভার প্রকৌশলী আব্দুল আমিনুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন