গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৪২৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৯০ লাখ ৩০ হাজার ১০ টাকা এবং ৬ লাখ ১৭ হাজার ৪১৬ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট পেশ করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। অনুষ্ঠানে তিনিই সভাপতিত্ব করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দীন, ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, ২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এবং ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফরসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক ও ইউএনও জহিরুল আলম জানান, জনসেবার মান উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি রাজস্ব আদায় বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে টুঙ্গিপাড়াকে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে বাজেটের বিভিন্ন দিক নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন