নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তীতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, আগামী দিনে রাজশাহী মহানগরকে আরও নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, ৩৪ বছর আগে আরএমপি প্রতিষ্ঠার পর থেকে নগরবাসীর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি আরএমপির সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন