মানবিক সেবার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে চলাচলে অক্ষম ও শারীরিক প্রতিবন্ধী ১১ জন ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় ঝালকাঠি পৌরসভা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই হুইলচেয়ারগুলো হস্তান্তর করা হয়।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. ফিরোজ আলম।
পৌরসভা সূত্রে জানা গেছে, সম্প্রতি পৌরসভার অফিশিয়াল ফেসবুক পেজে সহায়তার জন্য আবেদন আহ্বান করা হলে মোট ১১টি আবেদন জমা পড়ে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সব আবেদনকারীকেই উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়। মানবিক দিক বিবেচনা করে আবেদনকারীদের মধ্যে পৌরসভার বাইরের ইউনিয়ন এলাকার ৪ জন বাসিন্দা থাকা সত্ত্বেও তাঁদের সবাইকে এই হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. ফিরোজ আলম বলেন, শুধু হুইলচেয়ার বিতরণই নয়, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করাও জরুরি। ঝালকাঠি জেলা সমাজসেবা কমপ্লেক্সে অবস্থিত ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ থেকে বিনামূল্যে ফিজিওথেরাপি, স্ট্রোকজনিত পক্ষাঘাতের চিকিৎসা, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, অটিজম সেবা, হিয়ারিং ও ভিজ্যুয়াল টেস্ট এবং কাউন্সেলিং সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি অত্যাধুনিক থেরাপি ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা সচল রয়েছে।
পৌর প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, চলাচলে অক্ষম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। একটি হুইলচেয়ার একজন মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পারে। দীর্ঘদিন ঘরবন্দী থাকা মানুষও এর মাধ্যমে সহজে চলাচল করতে পারেন এবং স্বাভাবিক জীবনে কিছুটা স্বস্তি পান। ভবিষ্যতে যদি আরও কোনো চলাচলে অক্ষম ব্যক্তির তথ্য পাওয়া যায়, তবে তাঁদেরও এই সহায়তার আওতায় আনা হবে।
হুইলচেয়ার পেয়ে এক আবেগাপ্লুত সুবিধাভোগী বলেন, অনেক দিন ধরেই একটা হুইলচেয়ারের খোঁজ করছিলাম। গত মাসে ঝালকাঠি পৌরসভার ফেসবুক পেজে বিনামূল্যে হুইলচেয়ার দেওয়ার পোস্ট দেখে আবেদন করি। এরপর পৌরসভা থেকে খোঁজখবর নিয়ে আজ এসে হুইলচেয়ারটি নিয়ে যেতে বলে। এটি পেয়ে আমার চলাচলের অনেক বড় সুবিধা হলো।
বিতরণ অনুষ্ঠান শেষে আরও একজন চলাচলে অক্ষম ব্যক্তির পক্ষে নতুন একটি আবেদন জমা দেওয়া হলে পৌর প্রশাসক তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী ব্যক্তি এবং তাঁদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন