কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:২৯ পিএম
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি ঝটিকা অভিযান চালিয়ে প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহল এবং গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানগুলো পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি মালামাল ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৮ বোতল ভারতীয় মদ এবং ২ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন সকাল ১০টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বাধীন নিয়ামত মন্ডলের ঘোনা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল স্কাফ সিরাপ ও ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল ৩০ জুন দুপুর দেড়টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ মথুরাপুর মাঠ এলাকায় অভিযান চালিয়েছিল বিজিবি। সেখান থেকে ৬ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজার সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনটি সফল অভিযানে সব মিলিয়ে মোট ১৪ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১০ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টาডিন ট্যাবলেট, ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত টহল, কঠোর গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও আমাদের এই অভিযান আরও জোরদার করা হবে।

জেএইচআর