ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় লাকি আক্তার নামে এক জ্যেষ্ঠ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
২৮ বছর বয়সী লাকি আক্তার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রামনকুমার ইউনিয়নের রামপুর গ্রামের মো. সামসুল হুদার মেয়ে। তিনি গুনিয়াউক ১০ শয্যার হাসপাতালে জ্যেষ্ঠ স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তাঁর শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়। কর্মস্থলের পাশে গুনিয়াউক গ্রামের মুন্সী মুজাহিদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়ায় থাকতেন তিনি।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত হুমায়ুন কবীরের ছেলে শরীফ আহমেদের সঙ্গে ৮-৯ বছর আগে লাকির বিয়ে হয়। গত বুধবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নিজের কর্মস্থলে যথারীতি দায়িত্ব পালন করেন লাকি। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে ভাড়া বাসার ঘরে সিলিং ফ্যানের লোহার হুকের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ দেখা যায়। খবর পেয়ে সন্ধ্যায় নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নোমান মিয়া বলেন, একজন জ্যেষ্ঠ স্টাফ নার্স আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি এই পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন