ঝালকাঠিতে নজরুল জন্মজয়ন্তী উদ্‌যাপন, ভার্চুয়ালি যুক্ত হলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৫:৩১ পিএম
ঝালকাঠিতে নজরুল জন্মজয়ন্তী উদ্‌যাপন, ভার্চুয়ালি যুক্ত হলেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবির আদর্শ অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, নজরুলের সাম্য, মানবতা ও সম্প্রীতির চেতনা ধারণের মধ্য দিয়েই একটি বৈষম্যহীন নতুন সমাজ গড়ে তোলা সম্ভব।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবর। এ ছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীরা এই আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানের মূল আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা বলেন, নজরুলের কালজয়ী সাহিত্য ও জীবনদর্শন আজও ন্যায়, সাম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সর্বস্তরের মানুষকে সমানভাবে অনুপ্রাণিত করে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতীয় কবির স্মরণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের নজরুল সংগীত ও আবৃত্তির মাধ্যমে কবির অমর সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেএইচআর