গাইবান্ধায় পৌরসভার ময়লাবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:৫২ পিএম
গাইবান্ধায় পৌরসভার ময়লাবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. মাসুদ মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে শহরের সাদুল্লাপুর সড়কের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাসুদ মিয়া শহরের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গাইবান্ধার ঐতিহ্যবাহী ‘মিলন ফার্মেসি’র বিক্রয় সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি শহরের খানকা শরীফ মডেল মসজিদের খাদেম হিসেবেও দায়িত্ব পালন করতেন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে তিনি একটি ৫০ সিসির ছোট মোটরসাইকেলযোগে সাদুল্লাপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীতমুখী গাইবান্ধা পৌরসভার একটি ময়লাবাহী ট্রাকের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পরই স্থানীয় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মর্গে পাঠায়।

গাইবান্ধা সদর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘাতক ট্রাক ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর