ডেঙ্গু, হাম ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্য নিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি-২০২৬ শুরু হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে পিরোজপুরের পালপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর টাউন ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউট সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা ও এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ড্রেন কিংবা সড়কের পাশে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি জানান, প্রতিটি মহল্লায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালির বর্জ্য সংগ্রহের জন্য মাসিক নামমাত্র ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যাতে নিয়মিতভাবে এলাকাগুলো পরিচ্ছন্ন রাখা যায়।
কর্মসূচিকে টেকসই করতে তরুণ ও যুবকদের সমন্বয়ে এলাকাভিত্তিক তদারকি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে জেলা পরিষদের পক্ষ থেকে পিরোজপুরবাসীর জন্য একটি বিশেষ বর্জ্যবাহী গাড়ি প্রদান করা হবে।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমরা যদি ডাস্টবিনে ময়লা না ফেলি, তবে রাস্তাঘাট কখনোই পরিষ্কার থাকবে না। নিজেদের এবং আগামী প্রজন্মের সুস্থ ভবিষ্যতের জন্য সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
কর্মসূচি বাস্তবায়নে পিরোজপুর পৌরসভা ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জেলা পরিষদকে সহযোগিতা করছে। এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন নিজেও ড্রেন পরিষ্কার কার্যক্রমে অংশ নেন, যা উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সচেতনতার সৃষ্টি করে।
মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে পিরোজপুর শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও সচেতন নাগরিকসমৃদ্ধ একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন