ঈশ্বরগঞ্জে চরশিহারী গ্রামের জনভোগান্তি নিরসনে মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৪:২০ পিএম
ঈশ্বরগঞ্জে চরশিহারী গ্রামের জনভোগান্তি নিরসনে মানববন্ধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুর ১টায় স্থানীয়ভাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা মেরামত, টেকসই ড্রেনেজ ব্যবস্থা এবং একটি সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরশিহারী গ্রামের যোগাযোগব্যবস্থা দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় রয়েছে। গ্রামের প্রধান সড়কটি সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এ ছাড়া এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে মশা-মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি পানিবাহিত ও চর্মরোগের ঝুঁকিও দেখা দিচ্ছে।

অন্যদিকে কাঁচামাটিয়া নদী দ্বারা বিভক্ত হওয়ার কারণে গ্রামবাসীদের উপজেলা থানা, বাজার, স্কুল-মাদ্রাসা এবং জমি রেজিস্ট্রিসহ নানা জরুরি কাজে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয়। এই ভোগান্তি কমাতে স্থানীয়রা থানা সংলগ্ন মডেল মসজিদ এলাকার পাশে একটি ছোট সেতু নির্মাণের দাবি জানান, যাতে সহজে যোগাযোগব্যবস্থা উন্নত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি- কামাল হোসেন (৪৫), লিটন মিয়া (৬০), হযরত আলী (৫৫), কবির মিয়া (৩৪) এবং পারভিন আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, এলাকার দীর্ঘদিনের এই জনদুর্ভোগ দ্রুত নিরসন করা না হলে জনজীবনে ভোগান্তি আরও বাড়বে। তাঁরা দ্রুত রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এতে সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

জেএইচআর