ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বরে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। নিহত নারী আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে ভৈরব যাচ্ছিলেন। সোমবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রকৌশলী আমজাদ হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে ভৈরবের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই নারী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে চালককে আটক করাসহ ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানের চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন