বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে মেহেরপুরের গাংনীতে ধর্মঘট পালন করেছেন শাখা ডাকঘরের কর্মচারীরা।
মঙ্গলবার সকালে গাংনী উপজেলা ডাকঘরের সামনে এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মেহেরপুর জেলা শাখার কর্মচারীরা এই ধর্মঘটে অংশ নেন।
সংগঠনের জেলা সভাপতি মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম বলেন, সারাদেশে সাড়ে আট হাজার শাখা পোস্ট অফিসের কর্মচারীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। অথচ চরম বেতন বৈষম্যের কারণে সামান্য যে অর্থ পাওয়া যায়, তা দিয়ে কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না। কর্মচারীরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। এই সময় তিনি বেতন-ভাতা বৃদ্ধি ও সবাইকে বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের ২ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
ধর্মঘট কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সংগঠনের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, জেলা নেতা আব্বাস আলী এবং ধানখোলা পোস্ট অফিসের পোস্টমাস্টার তানজিদ আহমেদ অনি। কর্মসূচিতে গাংনী উপজেলার সব শাখা ডাকঘরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন