চৌগাছায় ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০২:৪৪ পিএম
চৌগাছায় ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার চৌগাছা বাকপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেন ওরফে আলম (৫৪) ওই বাকপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন ওরফে ভদুর ছেলে।

পুলিশ জানায়, চৌগাছা থানার এসআই জি. এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে পুলিশের একটি দল বাকপাড়া গ্রামের একটি ইটের সলিং সড়কে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলমগীর হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে পুলিশ রাতেই একটি তালিকা প্রস্তুত করেছে। এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ পিপিএম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই ধরণের বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও তিনি জানান।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুধু অভিযানই নয়, চেলানি মাদক কারবার ও অপরাধ নিয়ন্ত্রণে পুরো উপজেলাজুড়ে এখন পুলিশের গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

জেএইচআর