শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আজ যারা শিক্ষাবৃত্তি পাচ্ছে, তাদের মধ্য থেকেই আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরি হবে এবং তারাই বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
ভূমিমন্ত্রী বলেন, যে জাতি মেধাবীদের সম্মান ও মূল্যায়ন করতে পারে, সেই জাতিই উন্নতির শিখরে পৌঁছায়। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষা, মেধা ও সুশৃঙ্খল পরিবেশের জন্য রাজশাহীর সুনাম দীর্ঘদিনের। এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে নতুন প্রেরণা যোগাবে।
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের হাতে এককালীন শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। এই সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন