দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রদল।
শনিবার রাতে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকিব আহম্মেদের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ একাধিক অভিযোগ ওঠার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তিনি অভিযোগের বিষয়ে গ্রহণযোগ্য বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। একই সঙ্গে তার বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জেলা ছাত্রদলের মূল্যায়নে উঠে এসেছে।
এসব বিষয় পর্যালোচনা করে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং গঠনতন্ত্রের বিধান অনুসরণ করে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রনি বলেন, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। অভিযোগগুলো সাংগঠনিকভাবে যাচাই-বাছাই করা হয়েছে। কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। ফলে সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা রাকিব আহম্মেদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন