পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে বাবলু হাচান (২৮) নামের এক দালালকে আটক করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত বাবলু হাচান উপজেলার চত্রা গ্রামের মো. মোশারেফ হাওলাদারের ছেলে।
রোববার সকাল এগারো ঘটিকায় উপজেলার সুবিদখালী ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে তাঁকে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সুবিদখালী ইউনিয়ন ভূমি অফিসে আগত সাধারণ মানুষকে বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নাম করে হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই ভূমি অফিসে অভিযান চালানো হয়। এই সময় সাধারণ মানুষকে হয়রানি করায় হাতেনাতে ওই দালালকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী জানান, ভূমি অফিসগুলোকে সম্পূর্ণ দালালমুক্ত ও জনবান্ধব করতে প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। কোনো অবস্থাতেই সাধারণ মানুষকে সেবা নিতে এসে হয়রানির শিকার হতে দেওয়া হবে না।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন